হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে মার্কিন ড্রোন ও রোবট মোতায়েন

ওয়াশিংটন, ১৯ এপ্রিল – বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে মাইন শনাক্তে সমুদ্রভিত্তিক ড্রোন এবং রোবট ব্যবহার করছে মার্কিন সামরিক বাহিনী। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে উল্লেখ করেছে যে মাইন অপসারণ অভিযানে মানবচালিত এবং স্বয়ংক্রিয় উভয় সক্ষমতার সমন্বয় ব্যবহার করা হচ্ছে।
এই আধুনিক উদ্যোগের প্রধান লক্ষ্য হলো দ্রুততম সময়ের মধ্যে প্রণালিটি স্ক্যান করে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়ার প্রথম ধাপে দ্রুত স্ক্যানিংয়ের মাধ্যমে সম্ভাব্য মাইন বা বিস্ফোরকগুলো চিহ্নিত করা সম্ভব। এরপর চিহ্নিত বিস্ফোরকগুলো সফলভাবে ধ্বংস করতে বিশেষ ধরনের ‘সি রোবট’ বা পানির নিচের স্বয়ংক্রিয় যন্ত্র পাঠানো হবে।
মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান এই প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে বলেন যে মানববিহীন আন্ডারওয়াটার যান ব্যবহার করে এখন মাত্র কয়েক দিনেই একটি ছোট নৌপথ জরিপ করা সম্ভব। তিনি আরও জানান যে অতীতে একই কাজ সম্পন্ন করতে মার্কিন বাহিনীর কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেত।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









