মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

তেহরান, ১৯ এপ্রিল – ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এখন থেকে টোল প্রদানের বিনিময়েও এই নৌপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলে জানানো হয়েছে। এর আগে জাহাজ চলাচলের সুবিধার্থে যে বিশেষ করিডোর বা বিকল্প পথ খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে কার্যকর থাকবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে যে, ইতিপূর্বে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে জাহাজ চলাচলের যে নিয়ম ছিল, তা বাতিল করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনী শাখা থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে যে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

তেহরান মনে করে, ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এস এম/ ১৯ এপ্রিল ২০২৬

Back to top button