জাতীয়

শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ মে

ঢাকা, ১৯ এপ্রিল – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছে আদালত। রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এই তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে দণ্ডবিধির ৩০২ ধারা বা হত্যার অভিযোগ মামলায় যুক্ত করা হয়। এর আগে গোয়েন্দা পুলিশ বা ডিবি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও বাদীপক্ষ তাতে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করেন। এরপর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেন। বর্তমানে এই মামলার অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন এবং বাকি ৬ জন পলাতক আছেন।

এস এম/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language