তেল আবিবে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল বিক্ষোভ

তেল আবিব, ১৯ এপ্রিল – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে নেতানিয়াহু দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করছেন এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছেন।
বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা নামের এক ব্যক্তি জানান যে নেতানিয়াহু ভেতর থেকে ইসরায়েলি সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করছেন। তিনি বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবরের হামলা এবং তার পরবর্তী ঘটনাবলির সুষ্ঠু তদন্ত দাবি করেন। সাধারণ মানুষের সত্য জানার অধিকার রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
লি হফম্যান আজিভ নামের একজন সমাজকর্মী জানান যে ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে তিনি এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। অন্যদিকে হাইম ট্রিভ্যাক্স নামের এক বিক্ষোভকারী অভিযোগ করেন যে লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করা ছিল ইসরায়েলের একটি বড় ভুল। তার মতে নেতানিয়াহু দেশের স্বার্থ বিবেচনা না করে কেবল বিচার প্রক্রিয়া বা জেল থেকে বাঁচতেই এসব সংঘাত জিইয়ে রাখছেন।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









