হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা ব্যর্থতার দাবি

তেহরান, ১৯ এপ্রিল – হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন যে প্রণালিতে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এই কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখনো তেহরানের হাতেই রয়েছে। শনিবার একটি টেলিভিশন ভাষণে গালিবাফ বলেন, ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী তাদের মাইন অপসারণের প্রক্রিয়া থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। এই ঘটনার সময় দুই দেশের বাহিনীর মধ্যে প্রায় সরাসরি সংঘর্ষের উপক্রম হয়েছিল।
ইরানি স্পিকারের মতে, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে তাদের মাইনসুইপার জাহাজ নির্ধারিত সীমানা অতিক্রম করলেই গুলি চালানো হবে। এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনী পিছু হটার জন্য সময় চায় এবং শেষ পর্যন্ত সরে যায়। ইসলামাবাদে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল, ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
গালিবাফ আরও জোর দিয়ে বলেন যে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে যে কোনো জাহাজ চলাচল ইরানের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হচ্ছে এবং নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করা হচ্ছে। তিনি মার্কিন অবরোধের কড়া সমালোচনা করে বলেন, ইরানকে বাদ দিয়ে অন্যদের জন্য এই জলপথ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
অবরোধ প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে জাহাজ চলাচল সীমিত করার হুমকিও দেন তিনি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন যে লেবাননের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি খোলা রাখা হয়েছে। তবে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ স্পষ্ট করেছেন যে একটি অভিন্ন কাঠামোর বিষয়ে ঐকমত্য না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে নতুন কোনো সংলাপ সম্ভব নয়।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









