ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করতে মার্কিন সিনেটে নতুন উদ্যোগ

ওয়াশিংটন, ৯ এপ্রিল – ইরান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা প্রয়োগের লাগাম টানতে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন সিনেট। আগামী সপ্তাহে এই বিষয়ে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডেমোক্র্যাট দলীয় সিনেট নেতা চাক শুমার জানিয়েছেন, বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে কংগ্রেসের অবশ্যই হস্তক্ষেপ করা প্রয়োজন। বর্তমানে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে।
তবে চাক শুমার কঠোর ভাষায় জানিয়েছেন যে আগামী সপ্তাহেই প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা খর্ব করার লক্ষ্যে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে। তিনি মনে করেন, এই সংকটময় মুহূর্তে কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্ব ফিরিয়ে আনা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এর আগে তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের বেসামরিক স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালানোর হুমকি দিয়ে তিনি বলেছিলেন, একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে।
তার এই বক্তব্যে বিশ্বজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। শেষ মুহূর্তে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এই বিরতিকে ডেমোক্র্যাটরা ঝড়ের আগের স্তব্ধতা হিসেবেই দেখছেন। এর আগেও ট্রাম্পের আগ্রাসন থামাতে একটি প্রস্তাব আনা হয়েছিল, যা মার্কিন সিনেট প্রত্যাখ্যান করে। বিশ্লেষকদের মতে, খোদ আইনসভার ভেতরেই অনেকে ট্রাম্পের এই একতরফা হামলার প্রতি মৌন সমর্থন দিচ্ছেন। চাক শুমার এই সংঘাতকে উন্মাদনা বলে আখ্যায়িত করেছেন।
তার মতে, দীর্ঘদিনের এই অভিযানে ইরান সরকারের শক্তি কমার বদলে তাদের পারমাণবিক কর্মসূচি আরও বেগবান হয়েছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে হোয়াইট হাউস দাবি করছে, কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্পের এই ধরনের হামলা চালানোর পূর্ণ আইনি অধিকার রয়েছে।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









