উত্তর আমেরিকা

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ২৮৭ প্রার্থী, তালিকায় ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৩০ এপ্রিল – ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন প্রার্থী মনোনীত হয়েছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন জানিয়েছেন যে এই তালিকায় ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠন স্থান পেয়েছে। গত বছরের তুলনায় এবারের তালিকায় নতুন প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। বার্গ হারপভিকেনের মতে প্রতি বছর এই তালিকায় যে ধরনের পরিবর্তন আসে তা অত্যন্ত বিস্ময়কর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও সম্ভাব্য মনোনীতদের তালিকায় থাকতে পারে বলে প্রবল গুঞ্জন রয়েছে। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে নোবেল কমিটির দীর্ঘদিনের রীতি অনুযায়ী মনোনীতদের তালিকা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। তাই আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে তালিকায় নাম থাকা মানেই পুরস্কার পাওয়ার নিশ্চয়তা নয়।

বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত এবং আন্তর্জাতিক সহযোগিতার সংকটের মধ্যেও শান্তি পুরস্কারের আবেদন কমেনি বলে মনে করেন হারপভিকেন। তার মতে প্রতিকূল সময়েই এই পুরস্কারের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। এবারের সম্ভাব্য তালিকায় আরও রয়েছেন রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া এবং ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। এ ছাড়াও সুদানের স্বেচ্ছাসেবক সংগঠন ইমার্জেন্সি রেসপন্স রুমস, মার্কিন সিনেটর লিসা মারকাওস্কি এবং ডেনিশ পার্লামেন্ট সদস্য আজা কেমনিটজের নাম আলোচনায় রয়েছে।

এদিকে ২০২৩ সালের নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নারগেস মোহাম্মাদির স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি। বর্তমানে কারাবন্দি এই অধিকারকর্মী হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আন্তর্জাতিক চাপের মুখে ইরান তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছে কমিটি। আগামী ৯ অক্টোবর ২০২৬ সালের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং প্রথা অনুযায়ী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি প্রদান করা হবে।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language