১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

ঢাকা, ৭ এপ্রিল – আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের সব কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজের শর্ত অনুযায়ী সৌদি আরব এবং বাংলাদেশ পর্বের যাবতীয় খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসা প্রক্রিয়াসহ অন্যান্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরও জানান, আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ সুবিধা এবং চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে হজের ব্যয় কমানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এস এম/ ৭ এপ্রিল ২০২৬









