জাতীয়

ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানী: বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

ঢাকা, ১ মে – ভোররাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর ৫টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত একটানা ঝুম বৃষ্টির কারণে মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, সায়াদাবাদ এবং পুরান ঢাকার বংশালসহ বিভিন্ন এলাকায় কয়েক ফুট পানি জমে যায়।

এ ছাড়া মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও তেজগাঁও এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও ব্যাপক পানি দেখা গেছে। ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ কম থাকলেও পানির কারণে যাতায়াতে সাধারণ মানুষকে বেশ বেগ পেতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা ভোর থেকেই কাজ করছেন বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র রাসেল রহমান।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয়টি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও নাগরিক ব্যস্ততায় স্থবিরতা তৈরি করেছে। বৃহস্পতিবার সারা দিনে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আবহাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে এবং কিছু এলাকায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language