হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা: জাতিসংঘে ভোটাভুটি শনিবার

তেহরান, ৩ এপ্রিল – হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করার উদ্দেশ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবিত ভোটাভুটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শুক্রবারের পরিবর্তে শনিবার এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ এই কৌশলগত জলপথ দিয়ে পরিবাহিত হয়।
এই এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাহরাইন একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবটির খসড়ায় বাণিজ্যিক জাহাজ রক্ষায় সদস্য দেশগুলোকে প্রয়োজনীয় সব ধরনের রক্ষণাত্মক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে এই ভোটাভুটি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো প্রদানের ক্ষমতাসম্পন্ন দেশ চীন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। বেইজিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো প্রস্তাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শক্তি প্রয়োগের কথা বলা থাকলে তারা সেটি সমর্থন করবে না।
চীনের এমন অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত প্রস্তাবটি পাস হওয়া নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে আন্তর্জাতিক এই নৌপথের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে শনিবারের ভোটাভুটি তার ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬









