সিলেট-ঢাকা রুটে আজ বিশেষ ট্রেন চালু, থামবে ৪ স্টেশনে

সিলেট, ৩ এপ্রিল – সিলেট থেকে ঢাকার যাত্রীদের সুবিধার্থে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ট্রেনটি সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। যাত্রাপথে মাত্র চারটি স্টেশনে যাত্রাবিরতি করবে এই বিশেষ ট্রেনটি। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্র জানায়, হবিগঞ্জ জেলায় তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে গত বুধবার রাতে ঢাকাগামী উপবন এক্সপ্রেস যাত্রা বাতিল করতে বাধ্য হয়। এর পাশাপাশি শুক্রবার কালনী এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি থাকায় যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতি এড়াতেই বিশেষ ট্রেনটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি সিলেট থেকে ছেড়ে সকাল ৯টা ২৭ মিনিটে কুলাউড়া, ১০টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল এবং ১০টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জ স্টেশনে পৌঁছাবে। এরপর দুপুর ১টা ৩৩ মিনিটে ঢাকা বিমানবন্দর স্টেশন হয়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬









