চট্টগ্রাম

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম-দুবাই রুটে ফের চালু ফ্লাই দুবাইয়ের ফ্লাইট

চট্টগ্রাম, ২ এপ্রিল – দীর্ঘ এক বছর সাত মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে দুবাই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে ফ্লাইদুবাই এয়ারলাইন্স। বুধবার সকালে দুবাই থেকে একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে অপর একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে। এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে এই রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হবে। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নানা সীমাবদ্ধতার কারণে দীর্ঘ এক বছর সাত মাস এই রুটে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিল ফ্লাইদুবাই। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৩১ আগস্ট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট পরিচালিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় প্রবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

নতুন সূচি অনুযায়ী, ফ্লাইদুবাই চট্টগ্রাম থেকে দুবাই রুটে প্রতিদিন নিয়মিতভাবে একটি আগমনী এবং একটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করবে। এর অংশ হিসেবে বুধবার সকাল পৌনে ৯টায় দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে একটি ফ্লাইট অবতরণ করে। এরপর সকাল পৌনে ১০টায় বিমানবন্দরটি থেকে দুবাইয়ের উদ্দেশে আরেকটি ফ্লাইট রওয়ানা হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ফ্লাইদুবাইয়ের এই কার্যক্রম ফের শুরু হওয়ার ফলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে আগমনী ও বহির্গমন মিলিয়ে মোট ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি পেল। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language