জাতীয়

সংসদে শ্রমিকদের প্রতিনিধিত্ব বর্তমান সময়ের বড় অর্জন: আবদুল হান্নান মাসউদ

ঢাকা, ১ মে – এনসিপি নেতা ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, বর্তমান সংসদে শ্রমিক ও সাধারণ পরিবারের সন্তানদের জোরালো প্রতিনিধিত্ব তৈরি হয়েছে যা দেশের রাজনীতির জন্য ইতিবাচক। তিনি উল্লেখ করেন যে, এনসিপি নেতা আখতার হোসেন কৃষকের সন্তান এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান একজন শ্রমিকের সন্তান। একই সঙ্গে হাসনাত আব্দুল্লাহ এবং তিনি নিজেও শ্রমজীবী পরিবার থেকে রাজনীতিতে এসেছেন।

শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, দীর্ঘ সময় ধরে দেশে ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। তবে এবারের সংসদে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক প্রতিনিধি থাকায় তারুণ্য ও শ্রম রাজনীতি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের অর্থনৈতিক সংকট ও দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, এক শ্রেণির মানুষ দেশ লুট করে বিদেশে অর্থ পাচার করছে। বিশেষ করে কানাডার বেগম পাড়ায় বাংলাদেশিদের সম্পদের আধিক্য নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন যে, দেশের প্রচলিত আইনগুলো কেবল সাধারণ শ্রমজীবী মানুষের ওপর প্রয়োগ করা হয়, কিন্তু বিত্তবানরা আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, অর্থনীতির সুরক্ষায় কোনো বিশেষজ্ঞের বদলে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে এই পদে বসানো হয়েছে। তার মতে, গার্মেন্টস খাতের মাধ্যমেই দেশ থেকে সব চেয়ে বেশি অর্থ পাচার হয়ে থাকে।

এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ লুটপাটকারীদের কঠোর সমালোচনা করে তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এনএন/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language