জাতীয়

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে: এটিএম আজহারুল ইসলাম

রংপুর, ১ মে – গণভোটের রায় বাস্তবায়নে সংসদে সমাধান না হলে জনগণই রাজপথে এর চূড়ান্ত ফয়সালা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর ২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

তিনি উল্লেখ করেন, জনগণের দীর্ঘ আন্দোলন এবং ছাত্র জনতার আত্মদানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। এ লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে যাচ্ছে জামায়াতসহ বিভিন্ন সহযোগী দলগুলো।

শুক্রবার দুপুরে রংপুর মডেল কলেজের হলরুমে আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা শিবিরের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, দেড় সহস্রাধিক ছাত্র ও যুবকের রক্তের বিনিময়ে অর্জিত এই পরিবর্তনকে তিনি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখছেন। এই পরিবর্তনের মাধ্যমেই তিনি কারামুক্ত হয়ে জনসেবার সুযোগ পেয়েছেন।

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত গণভোট বাস্তবায়ন সংক্রান্ত সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। এছাড়া সংসদে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে জামায়াত ওয়াক আউট করেছে। তিনি স্পষ্টভাবে জানান, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দাবি আদায়ে রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় ১৭ সদস্যের কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে ৫ জন সদস্যের নাম চাওয়া হয়েছে। দলীয় ও সংসদীয় পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বিএনপিকে ভুলের রাজনীতি পরিহার করে বিভেদের পরিবর্তে ঐক্যের আহ্বান জানান।

আজহারুল ইসলাম আরও বলেন, ৭০ শতাংশ মানুষের দেওয়া গণরায় বাস্তবায়ন করা না হলে জনগণ আবারো রাজপথে ফিরে আসবে। গায়ের জোরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার দিন শেষ হয়ে গেছে।

অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএন/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language