রাউজানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা: ৪৩ ঘণ্টায় দ্বিতীয় খুন

চট্টগ্রাম, ২৭ এপ্রিল – চট্টগ্রামের রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে পুনরায় গুলি করে এক যুবদল কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নাছির উদ্দীন নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে তার নিজ বাড়ির কাছেই গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নাছির উদ্দীন কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা এবং প্রয়াত দুদু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপি নেতা ও রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রাতে বাড়ির পাশ থেকে গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে নাছিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নুরুল আলম আশেক জানান, রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।
এর আগে গত শুক্রবার রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউসার উর জামান বাবলু নামে অপর এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো উপজেলাজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে। এই দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তাও তদন্ত করে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার, মাটি ও পাহাড় কাটা এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
স্থানীয়দের মতে, নাছির উদ্দীনের সাথে জানে আলম ওরফে ডাকাত আলম নামে এক ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহতের বিরুদ্ধেও ছয়টি মামলা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। কয়েক মাস আগেও নাছিরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছিল।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাউজানে সহিংসতা ও দখলদারিত্বের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
এনএন/ ২৭ এপ্রিল ২০২৬









