চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম, ২৬ এপ্রিল – চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন তানভীর হাসান, মোসলেম উদ্দিন, বিপু ঘোষ বিলু, মো. নাহিদ হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. নওশের উদ্দিন চৌধুরী, মো. জুয়েল, মো. আলাল, মো. আসিফ, মো. শুভ রহমান, সৌরভ দেওয়ানজী ও ইমাম হোসেন সাদমান।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুরে নিউ মার্কেট মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় তারা জানতে পারে যে পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে একটি মিছিল টাইগারপাস অভিমুখে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইট-পাটকেল ও লাঠিসোটা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের লক্ষে সংঘবদ্ধ হয়েছিল। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









