বলিউড

দুই যুগ পর বড় পর্দায় সালমান-সঞ্জয় জুটি, আসছে আন্তর্জাতিক অ্যাকশন সিনেমা ‘সেভেন ডগস’

মুম্বাই, ১৩ আগস্ট – প্রায় দুই দশক পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন বলিউডের দুই জনপ্রিয় মেগাস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত। তবে দীর্ঘ বিরতির পর এই ফেরা কোনো ভারতীয় চলচ্চিত্রের মাধ্যমে নয়, বরং ‘সেভেন ডগস’ নামক একটি আন্তর্জাতিক অ্যাকশন ছবির মাধ্যমে পর্দা মাতাতে আসছেন তারা।

সম্প্রতি এই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজি খ্যাত পরিচালক আদিল এল আরবি এবং বিলাল ফাল্লাহ।

বড় ক্যানভাসে নির্মিত এই সিনেমায় ভারত ছাড়াও মিশর, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একঝাঁক প্রতিভাবান অভিনয়শিল্পীকে দেখা যাবে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি দুর্ধর্ষ অপরাধী চক্র এবং ‘পিংক লেডি’ নামক একটি শক্তিশালী মাদকদ্রব্যকে কেন্দ্র করে। যদিও পুরো ছবিটি মূলত ইংরেজি ও আরবি ভাষায় নির্মাণ করা হয়েছে, তবে বিশ্বজুড়ে প্রচারের সুবিধার্থে এটি একাধিক ভাষায় মুক্তি দেওয়া হচ্ছে।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি এবং রিয়াদ সিজনের সহযোগিতায় সিনেমাটি প্রযোজনা করেছে সেলা স্টুডিওস।

চলতি বছরের মে মাসে মিশরের কায়রোতে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয় এবং এরপরই তা মধ্যপ্রাচ্যজুড়ে মুক্তি পায়। ট্রেলার দেরিতে মুক্তি পেলেও ভারতীয় দর্শকরা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন।

আগামী ২১ আগস্ট ভারতে ছবিটির আনুষ্ঠানিক মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এর আগে সাজন, চল মেরে ভাই এবং ইয়ে হ্যায় জালওয়া এর মতো হিট সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই দুই তারকা। দীর্ঘ চব্বিশ বছর পর রুপালি পর্দায় তাদের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা।

এনএন/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language