ইজতেমার তারিখ বিবেচনায় গাজীপুর নির্বাচনসূচি চায় তাবলীগ জামাত

ঢাকা, ০৬ অক্টোবর-টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর ঘোষিত তারিখ বিবেচনায় রেখে গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সদস্য ও কাকরাইল তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত আবেদনটি সিইসির কাছে জমা দেওয়া হয়েছে।
আবেদনপত্রে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মেলন। ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের সময় ইজতেমার ভাবগাম্ভীর্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিপুল জনসমাগমের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ও বিশ্ব ইজতেমার মতো দুটি বড় আয়োজনের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা একই সময়ে পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই দুই পর্বের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এমনভাবে নির্বাচনের সময় নির্ধারণ করা প্রয়োজন, যাতে প্রশাসনিক জটিলতা ও সাধারণ মানুষের দুর্ভোগ না হয়।
আবেদনপত্রে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্বীনি কাজে সহায়তামূলক ভূমিকার প্রশংসা করা হয়েছে। বিশ্ব ইজতেমার মতো আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন সফল করতে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এস এম/ ০৬ অক্টোবর ২০২৬







