বলিউড

কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরা, প্রথমবার একই ফ্রেমে দুজন

কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরা

মুম্বাই,৩০ সেপ্টেম্বর- একসময় বলিউডে বেশ আলোচিত ছিল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক শেষ হওয়ার পর দুজনের পথও আলাদা হয়ে যায়। তবে তাদের বিচ্ছেদের সঠিক কারণ কখনোই স্পষ্টভাবে জানা যায়নি। বিচ্ছেদের পর বন্ধুত্ব বা সৌজন্যের সম্পর্কও আর বজায় রাখেননি তারা। কোনো অনুষ্ঠানে দেখা হয়ে গেলেও একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করতে দেখা গেছে দুজনকে।

তবে সম্পর্কের টানাপোড়েন থাকলেও পেশাগত ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়তে দেননি কারিনা ও শাহিদ। ‘জব উই মেট’ সিনেমার শুটিং চলার সময়ই তাদের সম্পর্কে চিড় ধরেছিল বলে জানা যায়। কিন্তু সেটি তাদের অভিনয়ে প্রকাশ পায়নি। ব্যক্তিগত সমস্যাকে কাজের জায়গা থেকে দূরে রেখেছিলেন দুজন। এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক ইমতিয়াজ আলিও তাদের পেশাদার আচরণের প্রশংসা করেছিলেন।

পরবর্তী সময়ে সাইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান কারিনা। ২০১২ সালে সাইফকে বিয়ে করেন তিনি। অন্যদিকে ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর। এবার সেই মীরাই হাজির হচ্ছেন কারিনা কাপুরের জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানের অতিথি হিসেবে।

ইতোমধ্যে অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মীরা রাজপুত। কারিনাও একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে প্রথমবারের মতো একই ফ্রেমে দেখা গেছে শাহিদ কাপুরের সাবেক প্রেমিকা কারিনা ও বর্তমান স্ত্রী মীরাকে।

অনুষ্ঠানে কারিনা ও মীরার মধ্যে কী ধরনের কথোপকথন হয়েছে, তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের সময় মীরা লিখেছেন, নারীরা নিজেদের মতো করে বাঁচতে চান। তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কারিনাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। একই সঙ্গে কারিনা যে নিজের মতো করে একজন মানুষ ও নারী হিসেবে থাকেন, তারও প্রশংসা করেছেন মীরা।

মীরার ওই পোস্টে কারিনা মন্তব্য করেছেন, ‘তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।’ এদিকে কারিনা ও মীরাকে একসঙ্গে দেখার পর ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চলছে।

কারিনার এই আড্ডার অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার, বন্ধুত্ব এবং তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা হয়ে থাকে। ফলে মীরা রাজপুতের উপস্থিতি ঘিরে দর্শকদের কৌতূহলও বেড়েছে। শাহিদের সঙ্গে দাম্পত্য জীবন, সন্তানদের বেড়ে ওঠা কিংবা নিজের জীবনযাপন নিয়ে মীরা কোনো অজানা তথ্য প্রকাশ করেন কি না, এখন সেদিকেই নজর দর্শকদের।

এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language