বলিউড

২২ বছর পর শেষ হচ্ছে করণ জোহরের ‘কফি উইথ করণ’, নবম মৌসুমই শেষ

কফি উইথ করণ

মুম্বাই,০১ অক্টোবর, টানা ২২ বছর ধরে তারকাদের গোপন কথা, প্রেম, বিরহ আর নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বলিউড তারকাদের অন্যতম প্রিয় আড্ডা ‘কফি উইথ করণ’ এবার শেষ হতে যাচ্ছে। জনপ্রিয় চিত্রনির্মাতা ও উপস্থাপক করণ জোহর নিজেই নিশ্চিত করেছেন, তার পরিচালিত ও উপস্থাপিত তুমুল জনপ্রিয় এই সেলিব্রিটি চ্যাট শোর আসন্ন নবম মৌসুমই হতে যাচ্ছে শেষ মৌসুম। আগামী ১৪ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে প্রচার শুরু হতে যাওয়া এই মৌসুমের মধ্য দিয়েই পর্দা নামবে ভারতীয় বিনোদনজগতের অন্যতম আলোচিত ও প্রভাবশালী এই চ্যাট শোর।

বিনোদন মাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর তার এই আকস্মিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। ক্যারিয়ারের পরবর্তী ধাপে চলচ্চিত্র পরিচালনায় পুরোপুরি মনোযোগ দেওয়ার ইচ্ছাকেই চ্যাট শো বন্ধ করার মূল কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। করণ বলেন, বিনোদনজগতে তার পরিচয়ের একটি বড় অংশজুড়ে রয়েছে ‘কফি উইথ করণ’। দেখতে দেখতে ২২ বছর পার হয়ে গেছে এবং এটি তার নবম মৌসুম হতে যাচ্ছে, তা বিশ্বাসই হতে চায় না। তিনি আরও জানান, জীবনের আগামী একটি দশক তিনি আরও বেশি চলচ্চিত্র পরিচালনা এবং নতুন নতুন গল্প বলার কাজে দিতে চান। আর সে কারণেই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি এই মৌসুমটিকে নিজের শেষ মৌসুম হিসেবে বেছে নিয়েছেন।

বিদায়ের এই সিদ্ধান্তকে অত্যন্ত আবেগঘন ও ব্যক্তিগত বলে উল্লেখ করে করণ জোহর এই শো থেকে পাওয়া ভালোবাসার কথাও স্মরণ করেন। তিনি বলেন, শেষবারের মতো তিনি সেই কাউচে বসতে যাচ্ছেন, যা দীর্ঘদিন ধরে খোলামেলা কথোপকথন, সততা এবং নানা বিতর্কের সমার্থক হয়ে উঠেছিল। এই সিদ্ধান্ত তার জন্য যেমন আবেগঘন, তেমনই ব্যক্তিগত। তবে তিনি আশা প্রকাশ করেন, এই শো তাকে সাধারণ মানুষ ও দর্শকদের কাছ থেকে ভালোবাসার যে অপরিসীম উত্তরাধিকার দিয়েছে, তা চিরকাল মানুষের হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে দেবে।

স্মৃতির পাতায় চোখ বোলালে দেখা যায়, ২০০৪ সালে স্টার ওয়ার্ল্ড চ্যানেলে প্রথম আত্মপ্রকাশ করেছিল ‘কফি উইথ করণ’। ঐতিহাসিক সেই প্রথম পর্বে অতিথি হিসেবে করণের কাউচে হাজির ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী কাজল। প্রথম মৌসুমেই দর্শকদের চমকে দিয়ে অতিথি হিসেবে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে। আবার বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে এসেছিলেন গুণী চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বনশালি। এরপর দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটি সাফল্য ধরে রাখে এবং ২০১৯ সাল পর্যন্ত স্টার ওয়ার্ল্ডে টানা ছয়টি মৌসুম প্রচারিত হয়। মাঝখানে ২০০৭ সালে শোটির দ্বিতীয় মৌসুম স্টার ওয়ান চ্যানেলেও একসঙ্গে সম্প্রচার করা হয়েছিল। পরে ষষ্ঠ মৌসুম থেকে এটি ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে স্ট্রিম করা শুরু হয়, যা তখন স্টার ইন্ডিয়ার মালিকানাধীন ছিল।

গত দুই দশকে তারকাদের পারস্পরিক বন্ধুত্ব ও প্রেম থেকে শুরু করে বিচ্ছেদ, বিয়ে কিংবা বিস্ফোরক মন্তব্য—‘কফি উইথ করণ’-এর কাউচে হওয়া প্রতিটি আড্ডাই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। শুধু বিনোদন নয়, অনেক সময় বলিপাড়ার সমীকরণ বদলে দেওয়ার পেছনেও অনুঘটক হিসেবে কাজ করেছে করণের এই বিতর্কিত কফির কাপ।

বহু স্মৃতি ও বিতর্কের ইতি টেনে আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হতে যাওয়া নবম মৌসুমের মধ্য দিয়েই চিরদিনের জন্য বিদায় নিতে যাচ্ছে ভারতীয় বিনোদনজগতের এই ঐতিহাসিক টকশো।

এস এম/ ০১ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language