শিক্ষা

জ্বালানি সংকটে মহানগরীর স্কুলে ব্লেন্ডিং ক্লাসের প্রস্তাব: শিক্ষামন্ত্রী

ঢাকা, ৩১ মার্চ – জ্বালানি সংকট মোকাবিলায় মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন এবং সশরীরে উপস্থিতির সমন্বয়ে ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই ব্লেন্ডিং পদ্ধতি চালুর প্রস্তাব আগামী বৃহস্পতিবার ১ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের সার্বিক মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী শিক্ষাখাতকে একটি ইবাদতখানার সঙ্গে তুলনা করেন। তিনি জানান, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত প্রতিটি ভালো ফল সদকায়ে জারিয়া হিসেবে পরিগণিত হয় যা শিক্ষকদের দীর্ঘমেয়াদে সম্মানিত করে। তাই শিক্ষকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

দেশের ভবিষ্যৎ বিনির্মাণ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের একার কাজ নয় বরং এটি একটি জাতীয় অঙ্গীকার উল্লেখ করে তিনি শিক্ষকদের ভূমিকার ওপর জোর দেন।

এ ছাড়া শিক্ষাব্যবস্থার কাঠামোগত নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে ক্লাস ও অভ্যন্তরীণ সব পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো পাবলিক পরীক্ষা গ্রহণ করে পরবর্তী বছরের এপ্রিল এবং জুন মাসে। এর ফলে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এনএন/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language