মধ্যপ্রাচ্য

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির লক্ষে কাজ করছে সিরিয়া: আল-শারা

দামেস্ক, ২৬ জুলাই – সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন যে তার সরকার ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ করছে। আল জাজিরার আল মুকাবালা অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন যে কয়েকটি দেশের মধ্যস্থতায় এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।

প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে একটি বিস্তৃত শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে।

আল-শারা স্পষ্ট করে বলেন যে সম্ভাব্য কোনো চুক্তির কারণে অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকার কোনোভাবেই ক্ষুণ্ন হবে না। তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে সিরিয়া কখনোই এই ভূখণ্ডের দাবি ত্যাগ করবে না। বর্তমানে তার সরকার ইসরায়েলের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলার নীতি অনুসরণ করছে।

প্রেসিডেন্টের মতে একটি কার্যকর নিরাপত্তা সমঝোতা চলমান সংকটের স্থায়ী সমাধানের ভিত্তি তৈরি করতে পারে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা বৃদ্ধি পেলেও আল-শারা কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছেন।

লেবানন প্রসঙ্গে তিনি জানান যে প্রতিবেশী দেশটিতে সামরিক হস্তক্ষেপের কোনো পরিকল্পনা তাদের নেই। লেবাননের বর্তমান সংকট কাটিয়ে উঠতে দেশটি কীভাবে সহায়তা পেতে পারে তা নিয়ে আলোচনা চলছে। আল-শারা মনে করেন লেবাননের দক্ষিণাঞ্চল উদ্ধার এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা কেবল দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হাতে থাকা উচিত। লেবাননের স্থিতিশীলতা সিরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখানে কোনো অস্থিরতা সৃষ্টি হলে তার সরাসরি প্রভাব সিরিয়ার ওপর পড়বে।

সিরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে আল-শারা কেবল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় বরং সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সাথে চুক্তি বাস্তবায়নে দেরি হলেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া গৃহযুদ্ধে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। জাতিসংঘের তথ্যমতে সিরিয়ায় নিখোঁজ ব্যক্তির সংখ্যা প্রায় এক লাখ হলেও স্থানীয় কমিশন মনে করে এই সংখ্যা তিন লাখ পর্যন্ত হতে পারে।

এনএন/ ২৬ জুলাই ২০২৬


Back to top button