এইচএসসি পরীক্ষা নিয়ে ছড়ানো বিজ্ঞপ্তিটি ভুয়া: আন্তঃশিক্ষা বোর্ড

ঢাকা, ২১ জুলাই – সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এইচএসসি পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
একই সাথে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ও শিক্ষা বোর্ডের অফিসিয়াল সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে একটি বানোয়াট বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।
সেখানে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। তবে এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর।
এই ধরনের কোনো বিজ্ঞপ্তির সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
কমিটি জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। জনস্বার্থে সকলকে অপপ্রচার ও গুজব থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।
এস এম/ ২১ জুলাই ২০২৬







