শিক্ষা

মাদরাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ দিল শিক্ষা বোর্ড

চট্টগ্রাম, ২২ জুলাই – প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে দেশের প্রতিটি মাদরাসায় চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। গত মঙ্গলবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাখিল ও আলিম স্তরের শিক্ষার্থীদের নিয়ে এই দলগুলো গঠন করে বোর্ডে তথ্য পাঠাতে হবে। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করারও তাগিদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন। একই দিনে সারা দেশে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে যে যোগ্যতার ভিত্তিতে দাখিল পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল গঠন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত চেতনা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গঠিত দলগুলোর জন্য অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ই-মেইল ঠিকানায় আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সব তথ্য পাঠানোর জন্য মাদরাসাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্রীড়ানুরাগীদের সম্পৃক্ত করে টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এস এম/ ২২ জুলাই ২০২৬


Back to top button