শিক্ষা

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী পাবেন বিশেষ সুযোগ

এইচএসসি

ঢাকা,৩১ অক্টোবর- এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ আসছে। ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তারা। এবারের পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়।

এ ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

তবে নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আর পুরো এক বছর অপেক্ষা করতে হবে না। এক মাসের মধ্যেই শুধু ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ পাবেন তারা।

এ উদ্যোগ কার্যকর হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয় হবে। একই সঙ্গে দীর্ঘ অপেক্ষা ও মানসিক চাপ থেকেও মুক্তি পাবেন তারা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর শেষ হয়। এদিকে প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।

এস এম/ ৩১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language