চট্টগ্রাম

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম, ৩১ মার্চ – চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আনোয়ার ও জাহেদ নামের দুই চোরাই তেল ব্যবসায়ীর যৌথ মালিকানাধীন একটি ডিপোতে বিপুল পরিমাণ এই ডিজেল লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করে।

এ বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, যারা ব্যবসার আড়ালে অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে, তাদের ছাড় দেওয়া হবে না। চলমান পরিস্থিতিতে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত রোধে প্রশাসনের এমন পদক্ষেপ অব্যাহত থাকবে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language