বিজ্ঞান ও প্রযুক্তি

মেসেঞ্জারের মতো নোটিফিকেশন বাবল সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ব্যস্ততার কারণে অনেক সময় সব বার্তা তাৎক্ষণিকভাবে পড়া সম্ভব হয় না। এতে গুরুত্বপূর্ণ তথ্য মিস হওয়ার ঝুঁকি থাকে। এই সমস্যা সমাধানে এবার ফেসবুক মেসেঞ্জারের আদলে নোটিফিকেশন বাবল সুবিধা চালু করতে যাচ্ছে তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে এই নতুন সুবিধার ফলে অন্য কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের সময়ও হোয়াটসঅ্যাপের বার্তা ফোনের পর্দায় বাবল আকারে ভেসে উঠবে। ব্যবহারকারীরা ওই বাবলের ওপর ক্লিক করে সরাসরি বার্তাটি পড়ার পাশাপাশি উত্তরও দিতে পারবেন। এর মাধ্যমে অ্যাপে প্রবেশ না করেই চ্যাট করা সম্ভব হবে।

নোটিফিকেশন বাবল মূলত ফোনের পর্দায় একটি ভাসমান আইকন হিসেবে থাকবে। নতুন কোনো বার্তা এলে সেখানে প্রেরকের প্রোফাইল ছবি এবং হোয়াটসঅ্যাপ আইকন সম্বলিত একটি পপ আপ দেখা যাবে। এটি ট্যাপ করলে একটি ছোট চ্যাট উইন্ডো খুলবে যেখানে ব্যবহারকারী দ্রুত যোগাযোগ করতে পারবেন।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সুবিধা উন্মুক্ত করা হবে। পরবর্তীতে এটি আইফোন ব্যবহারকারীদের জন্যও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফিচারটি ঠিক কবে থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে সেই বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language