ইউরোপ

ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না ইউরোপ

ব্রাসেলস, ১৭ মার্চ – গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও নৌসেনা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প্রতি যে আহ্বান জানিয়েছিলেন, তা প্রত্যাখ্যান করেছে ইউরোপ।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে এই বিষয়ে একটি বৈঠক করে। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কাল্লাস সাংবাদিকদের জানান, এই উন্মুক্ত যুদ্ধে জড়াতে ইউরোপের কোনো আগ্রহ নেই। তাছাড়া ইরানের বিরুদ্ধে কোনো প্রকার সামরিক পদক্ষেপে সক্রিয়ভাবে অংশ নিতে ইইউর কোনো সদস্য রাষ্ট্র ইচ্ছুক নয়।

কাজা কাল্লাসের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর মিশনগুলো বর্তমানে বিভিন্ন সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান এবং জলদস্যু বিরোধী অভিযান পরিচালনায় ব্যস্ত রয়েছে। সেসব দায়িত্ব ছেড়ে এই মুহূর্তে মিশনগুলোর পক্ষে হরমুজ প্রণালিতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।

তিনি আরও স্পষ্ট করেন যে পরিস্থিতি অনুকূল থাকলে তারা নৌসেনা পাঠাতেন, তবে বর্তমান প্রেক্ষাপটে তা অবাস্তব।

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিশ মের্ৎস এই বিষয়ে অত্যন্ত পরিষ্কার অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে সেনা পাঠানোর কোনো ইচ্ছা তাদের নেই, কারণ তারা এই সংকটের একটি রাজনৈতিক সমাধান চান।

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্তকারী হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বিশ্বব্যাপী প্রতিদিন চলাচলকারী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই রুট ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ দিয়েই তাদের তেল রপ্তানি করে বিধায় একে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়। হরমুজ প্রণালি ছাড়া মধ্যপ্রাচ্যের তেল পশ্চিমা বিশ্বে সরবরাহ করা অত্যন্ত কঠিন।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। পাশাপাশি বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাংকার জাহাজে হামলার ঘটনাও ঘটছে।

যুক্তরাজ্যের তথ্য অনুযায়ী, গত পনেরো দিনে হরমুজ প্রণালিতে চলাচলের সময় অন্তত বারোটি ট্যাংকার জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে। এর প্রেক্ষিতে গত ১৫ মার্চ ট্রাম্প হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language