উত্তর আমেরিকা

হরমুজ প্রণালী নিরাপদ রাখতে চীনের সহযোগিতা চাইলেন ট্রাম্প

তেহরান, ১৬ মার্চ – হরমুজ প্রণালী নিরাপদ রাখতে এবার চীনের সহযোগিতা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ডোনাল্ড ট্রাম্প জানান চলতি মাসের শেষ দিকে চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে এই সফর কিছুটা পিছিয়ে যেতে পারে। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আসন্ন বৈঠকের আগে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে চীনের সহযোগিতা প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। তার দাবি চীন তাদের তেলের প্রায় ৯০ শতাংশ এই প্রণালী দিয়ে আমদানি করে থাকে। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী চীন মূলত ইরানের রপ্তানিকৃত তেলের প্রায় ৯০ শতাংশ কিনে থাকে যা চীনের মোট তেল আমদানির মাত্র ১২ শতাংশের কাছাকাছি। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাডিজ বা সিএসআইএস জানিয়েছে চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে চীনের জ্বালানি সরবরাহে কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞ লরা বিকার।

এস এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language