ইউরোপ

রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌঘাঁটিতে ইউক্রেনের হামলায় দুই ফ্রিগেট ক্ষতিগ্রস্ত

মস্কো, ৭ মার্চ – রাশিয়ার কৃষ্ণসাগরীয় নোভোরোসিস্ক নৌঘাঁটিতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবহরের দুটি ফ্রিগেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, গত ২ মার্চ রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে অবস্থিত ওই ঘাঁটিতে চালানো হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণের পর দুটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে।

ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি হলো অ্যাডমিরাল এসেন এবং অ্যাডমিরাল মাকারভ। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে। এই হামলায় রাশিয়ার অন্য কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত শত্রুপক্ষের সামরিক অবকাঠামো ও স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা অব্যাহত থাকবে।

এর আগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার বা এসবিইউ এর একটি সূত্র নিশ্চিত করেছিল যে, একই হামলায় রাশিয়ার মাইনসুইপার ভালেন্তিন পিকুল এবং সাবমেরিনবিরোধী জাহাজ ইয়েসিক ও কাসিমভ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ক্রিমিয়ায় ইউক্রেনের ধারাবাহিক আক্রমণের মুখে নোভোরোসিস্ক বর্তমানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। জানা গেছে, ইউক্রেনের এই হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল একটি প্রধান তেল রপ্তানি টার্মিনাল যা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফট দ্বারা পরিচালিত।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language