হরমুজ প্রণালীতে মাইন অপসারণে জাহাজ পাঠাবে জার্মানি

বার্লিন, ২৫ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের স্থায়ী অবসান এবং শান্তি চুক্তি সম্পন্ন হলে হরমুজ প্রণালীতে মাইন অপসারণে একটি বিশেষ জাহাজ পাঠাবে জার্মানি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নৌবাহিনীর মাইনসুইপিং জাহাজ ফুলদা আগামী কয়েক দিনের মধ্যেই মোতায়েনের উদ্দেশ্যে রওনা হবে। এই অভিযানের প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত আন্তর্জাতিক জোটে জার্মানির পক্ষ থেকে দৃশ্যমান অবদান রাখা।
মুখপাত্র আরও জানান যে, এই মাইনসুইপার জাহাজে প্রায় ৪৫ জন ক্রু থাকবেন। তবে হরমুজ প্রণালীতে জাহাজটির প্রকৃত কার্যক্রম তখনই শুরু হবে যখন ওই অঞ্চলে সংঘাতের একটি স্থায়ী সমাপ্তি ঘটবে এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যাবে। উল্লেখ্য যে, এর আগে তুরস্কও ঘোষণা করেছিল যে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তারা এই গুরুত্বপূর্ণ প্রণালীতে মাইন অপসারণ অভিযানে যোগ দিতে আগ্রহী।
এদিকে আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









