হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের পূর্ণ অধিকার আছে: রাশিয়া

মস্কো, ২৮ এপ্রিল – জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তাদের কর্মকাণ্ডকে দস্যুতা এবং ভণ্ডামি হিসেবে অভিহিত করেছেন। নেবেনজিয়া বলেন, ইরানের ওপর দায় চাপানোর একটি সুসংগঠিত চেষ্টা লক্ষ্য করা গেছে।
যুদ্ধের পরিস্থিতিতে উপকূলবর্তী একটি রাষ্ট্র হিসেবে ইরান নিজের নিরাপত্তার স্বার্থে নৌপথ নিয়ন্ত্রণের আইনি এখতিয়ার রাখে। তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলায় সমর্থন দিচ্ছে এবং জবরদস্তিমূলক পন্থায় তাদের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে একটি বিশেষ বার্তা পেয়েছেন।
সেন্ট পিটার্সবার্গে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে পুতিন এই তথ্য জানান। পুতিন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সর্বোচ্চ নেতার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। যদিও বার্তার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে আমেরিকার বিরুদ্ধে ইরানের লড়াকু অবস্থানের ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার ভোরে আরাগচি রাশিয়ায় পৌঁছান এবং মঙ্গলবার সন্ধ্যায় পুতিনের সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









