মোবাইল চুরির সন্দেহে ৫ জনকে ছুরিকাঘাত, অভিযুক্ত আটক

নারায়ণগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় মোবাইল চোর সন্দেহে পাঁচজনকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ সহিংস ঘটনাটি ঘটে।
পরে স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। আহতরা হলেন নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সকলেই কাঁচপুরের রায়েরটেক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে অভিযুক্ত আমিন মিয়া কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে নিরব মিয়ার একটি মোবাইল ফোন চুরি হলে আমিন মিয়াকে সন্দেহ করা হয়। পরবর্তীতে নিরবসহ ৫ থেকে ৭ জন তার কাছে মোবাইল ফেরত চেয়ে কথা বলতে যান। একপর্যায়ে আমিন মোবাইল ফেরত দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
ভুক্তভোগীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় গুরুতর আহত নিরব মিয়ার খালা শিউলি বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬








