জুলাই জাতীয় সনদে সই করলো জাতীয় নাগরিক পার্টি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলটির পক্ষে এই সনদে স্বাক্ষর করেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস মন্তব্য করেন যে এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলে জাতির যে বিশ্বাস ছিল তা আজ পূর্ণতা পেল। তিনি বলেন নতুন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই দলিল প্রতিটি পদক্ষেপে ভূমিকা রাখবে এবং এ বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। এছাড়া তিনি জানান যে আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন। তিনি উল্লেখ করেন যে জুলাই সনদে তারা সবার শেষে স্বাক্ষর করলেও এর বাস্তবায়নে তাদের তৎপরতা ছিল সর্বোচ্চ এবং জনগণের আস্থা বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এনসিপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









