ত্রয়োদশ নির্বাচনে জাল ভোট নিয়ে টিআইবির নামে ভুল তথ্য প্রচার, সতর্ক থাকার আহ্বান

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট প্রদানের হার নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে টিআইবি স্পষ্ট করেছে যে, সাম্প্রতিক সময়ে তাদের নাম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচার করা হচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। মূলত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। টিআইবি জানায়, তাদের মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে ৭০টি আসন নির্বাচন করা হয়েছিল।
এর মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জাল ভোট প্রদানের ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে একটি মহল এই তথ্যকে বিকৃত করে প্রচার করছে যে, পুরো নির্বাচনে মোট ২১ দশমিক ৪ শতাংশ জাল ভোট পড়েছে। টিআইবি এই ব্যাখ্যাকে সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক হিসেবে অভিহিত করেছে। যেসব গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম ইতোমধ্যে এই ভুল তথ্য উপস্থাপন করেছে, তাদের অতিদ্রুত যথাযথ সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। অন্যথায় এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে টিআইবি।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









