হজ ১৪৪৭: হজযাত্রীদের যাতায়াত নিশ্চিতে সৌদি আরবের ব্যাপক প্রস্তুতি

রিয়াদ, ১৮ এপ্রিল – আগামী হজ ১৪৪৭ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হজযাত্রীর যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ব্যাপক পরিবহন প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। দেশটির পরিবহন ও লজিস্টিকস মন্ত্রণালয় জানিয়েছে যে আকাশ, স্থল, রেল এবং সমুদ্রপথের সব ধরনের নেটওয়ার্ককে হজযাত্রীদের সেবায় সক্রিয় করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি হজ মৌসুমে যাত্রীদের সুবিধার্থে ৩১ লাখের বেশি বিমান আসন বরাদ্দ করা হয়েছে। এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহনের জন্য ১২ হাজারের বেশি নির্ধারিত ও চার্টার ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানবন্দরগুলোতে সেবার মান বজায় রাখতে বিশেষ নিয়ন্ত্রক দল মোতায়েন করা হয়েছে।
মূলত ছয়টি প্রধান বিমানবন্দরের মাধ্যমে হজ ফ্লাইটগুলো পরিচালিত হবে এবং সেখানে ২২ হাজারের বেশি দক্ষ কর্মী নিয়োজিত থাকবেন। যাত্রীদের অভিজ্ঞতা সহজ করতে এবার ব্যাগেজ ফ্রি ট্রাভেলার নামের একটি নতুন সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রীদের মালামাল সরাসরি তাদের আবাসন থেকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি জমজমের পানি আগেভাগে পাঠানোর ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। জাতীয় বিমান সংস্থা সাউদিয়া একাই ১০ লাখের বেশি আসন সরবরাহ করছে। বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস জানিয়েছে, তারা বিশ্বের ২০টি আন্তর্জাতিক গন্তব্য থেকে ১ লাখ ৪৭ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে।
রেল যোগাযোগ ব্যবস্থায় মিনা, মুজদালিফা ও আরাফাতের মধ্যে চলাচলের জন্য মাশায়ের ট্রেনে ২ হাজারের বেশি ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনে ২০ লাখের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। এছাড়া মক্কা ও মদিনার সঙ্গে সরাসরি সংযোগ রক্ষাকারী হারামাইন উচ্চগতির রেলপথে ৫ হাজার ৩০৮টি ট্রিপ নির্ধারিত হয়েছে যার আসনসংখ্যা ২২ লাখের বেশি। সড়কপথের নিরাপত্তায় ৫ কোটি ৬০ লাখ ঘনমিটার বালু অপসারণ এবং ১ লাখ ৭৮ হাজার আলোকসজ্জা ইউনিট রক্ষণাবেক্ষণ করা হয়েছে। জনপরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৩ হাজারের বেশি বাস ও ৫ হাজার ট্যাক্সি।
পাশাপাশি সমুদ্রপথে হজযাত্রী গ্রহণের জন্য জেদ্দা ইসলামিক বন্দরেও বিশেষ টিম নিয়োজিত থাকবে। ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার জানিয়েছে যে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের ইমার্জেন্সি রেসপন্স টিম ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে। সৌদি কর্তৃপক্ষের মতে, এই সমন্বিত ব্যবস্থার মাধ্যমে হজযাত্রীরা একটি স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল পরিবেশ পাবেন।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









