মধ্যপ্রাচ্য

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা বলছেন নেতানিয়াহু: দাবি ইসরায়েলি সাবেক সেনাপ্রধানের

তেল আবিব, ১ জুলাই – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বাস্তবতা বিকৃতি এবং মিথ্যা দাবির অভিযোগ তুলেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি অভিযোগ করেন যে ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে এমন বক্তব্য দিয়ে নেতানিয়াহু ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।

ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলে আয়োজিত একটি সম্মেলনে আইজেনকোট এই মন্তব্য করেন। বর্তমানে তিনি বিরোধী রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মেলনে তিনি উল্লেখ করেন, নেতানিয়াহুর দাবিটি অত্যন্ত আপত্তিকর।

ইরানের কাছে কোনো পারমাণবিক বোমাই ছিল না। মূলত জনগণকে আতঙ্কিত করতে তিনি বাস্তবতাকে ভিন্নভাবে উপস্থাপন করছেন। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল ১৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছিলেন যে তিনি দুবার ইরানে প্রবেশ করেছেন দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।

সেই সময় ইরানের কাছে পারমাণবিক বোমা ছিল বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এমন মন্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। বিরোধী নেতারা দাবি করছেন, নেতানিয়াহু অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। অন্যদিকে ইরান দীর্ঘ সময় ধরে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

তেহরানের দাবি, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা এবং কৃষি গবেষণার লক্ষ্যেই তারা প্রযুক্তি ব্যবহার করছে।

বিশ্লেষকদের ধারণা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নেতানিয়াহু ও সাবেক সেনাপ্রধানের এই প্রকাশ্য বিরোধ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এটি দেশটির নিরাপত্তা নীতি ও সামরিক অবস্থান নিয়েও বড় ধরনের বিতর্কের জন্ম দেবে।

এস এম/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language