ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকির কড়া জবাব তেহরানের

তেহরান, ১ জুলাই – ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্য করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে সাফ জানিয়েছেন যে,
দেশটির জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দেওয়া হবে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বিতর্কিত এক মন্তব্য করে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার জন্য চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, ইরান আলোচনার মাধ্যমে বিভিন্ন ছাড় আদায়ের চেষ্টা করছে, কিন্তু দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। কাটজের এমন বক্তব্যের জবাবে আরাগচি যুক্তরাষ্ট্রকেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, ইসরায়েলকে সংযত রাখার দায়িত্ব ওয়াশিংটনের এবং তারা যদি তাদের অভিভাবকের কথা না শোনে তবে ইরান তাদের যথাযথ শিক্ষা দেবে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বাগযুদ্ধ এবং ব্যক্তিগত আক্রমণ চলমান উত্তেজনাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে।
উল্লেখ্য, তেহরান সবসময়ই তাদের পারমাণবিক কর্মসূচিকে বেসামরিক ও শান্তিপূর্ণ বলে দাবি করে এলেও ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব এতে ভিন্নমত পোষণ করে আসছে।
এস এম/ ১ জুলাই ২০২৬









