শিক্ষা

কাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: সিসিটিভিতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করবে মন্ত্রণালয়

ঢাকা, ১ জুলাই – সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। পরীক্ষাকে নকলমুক্ত রাখতে ঢাকা থেকে দেশের সব কেন্দ্র সরাসরি মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেলে বসে মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশের যেকোনো কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

এবারের পরীক্ষায় মোট ৭৭টি বিষয়ে ২১ দিন ধরে পরীক্ষা চলবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন এবং ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন। মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা সচিব আবদুল খালেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language