জাতীয়

দুই মাসে সরকারের ৬০ অর্জন: সংবাদ সম্মেলনে বিস্তারিত খতিয়ান

ঢাকা, ১৮ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের প্রথম দুই মাসের উল্লেখযোগ্য ৬০টি অর্জনের বিস্তারিত খতিয়ান তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার এক সংবাদ সম্মেলনে এসব পদক্ষেপকে অবিস্মরণীয় অর্জন হিসেবে অভিহিত করা হয়।

সরকারের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিগত দেড় দশকের শাসন পরবর্তী সময়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার দৃঢ় নেতৃত্ব দিচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভাগ্য পরিবর্তনে প্রতিটি সেক্টরে ১৮০ দিনের একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নারীর ক্ষমতায়নে ৩৭ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ১০টি জেলায় ২২ হাজার কৃষককে কৃষক কার্ড প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষা ও কর্মসংস্থান খাতে গুরুত্ব দিয়ে সরকারি দপ্তরে শূন্য থাকা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি বাতিল এবং স্নাতক পর্যায়ে বৃত্তির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি প্রদানের ঘোষণাও দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কৃচ্ছ্রসাধনের কথা উল্লেখ করে জানানো হয়, তিনি রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে নিজের বাসভবনে থাকছেন এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন।

এছাড়া মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করা হয়।

সংসদীয় গণতন্ত্রের নজির হিসেবে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি এবং মানবাধিকার রক্ষায় গুম প্রতিরোধ সংক্রান্ত আইন পাসের প্রক্রিয়ার কথা জানানো হয়।

পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা এবং নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনের বিধান সরকারের সফলতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, সম্প্রতি বিশ্ববিখ্যাত টাইম সাময়িকীর প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্ত হওয়া তার নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language