হজের উন্নয়নে নিজেদের ‘কামলা’ হিসেবে উল্লেখ করলেন ধর্মমন্ত্রী

ঢাকা, ১৮ এপ্রিল – ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের হজের উন্নয়নে কাজ করার জন্য কামলা হিসেবে নিয়োগ দিয়েছেন। হজের সার্বিক উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে এবং কোনো অন্যায় বা অনিয়ম সহ্য করা হবে না। শুক্রবার রাতে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, আমরা সৌদি আরবে মন্ত্রী হিসেবে যাচ্ছি না বরং হাজিদের সেবক হিসেবে যাচ্ছি। হাজিদের খেদমত করাই আমাদের প্রধান লক্ষ্য। এবার অত্যন্ত অল্প সময়ের মধ্যে ভিসা এবং টিকিটের ব্যবস্থা করা হয়েছে যা আগে কখনো সম্ভব হয়নি। এমনকি শতভাগ বাড়ি ভাড়াও সম্পন্ন হয়েছে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে বলেন, হাজিদের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর ও নির্বিঘ্ন হবে ইনশাআল্লাহ।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন হাজিদের হজ কবুল করেন এবং তারা যেন সুষ্ঠুভাবে দেশে ফিরে আসতে পারেন। সবশেষে তিনি সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে শান্তি আনার ওপর গুরুত্বারোপ করেন।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









