হরমুজ প্রণালিতে আটকা পড়া জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে

চট্টগ্রাম, ১৮ এপ্রিল – হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা উদ্ধারে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো প্রকৃত সংকট নেই।
কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে যার প্রমাণ হিসেবে ইতিমধ্যে মজুত করা বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। সরকার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এর আগে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, মেরিটাইম খাতের প্রশিক্ষিত তরুণরাই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতার নতুন দূত হিসেবে কাজ করবে। দক্ষ জনবল তৈরির মাধ্যমে বিশ্ব সমুদ্র অর্থনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।
তিনি নবীন ক্যাডেটদের দেশ ও জাতির সম্পদ হিসেবে অভিহিত করে তাদের পেশাদারিত্বের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। মন্ত্রী আরও উল্লেখ করেন যে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। কেবল সনদভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব সৃষ্টি করলেও মেরিটাইম প্রশিক্ষণ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। ভবিষ্যতে এই খাতের আরও আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









