দক্ষিণ আমেরিকা
ট্রাম্পের কড়া সমালোচনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

ব্রাসিলিয়া, ১৮ এপ্রিল – ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। স্পেনের বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের একটি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
লুলা বলেন যে একজন প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা বিশ্বজুড়ে কেবল হুমকি ছড়িয়ে দিচ্ছে এবং যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে। এমন অনিশ্চিত পরিস্থিতিতে প্রতিদিন অনিরাপদ বোধ করে ঘুমানো কিংবা ঘুম থেকে ওঠা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ব্যর্থতার দায়ে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রকে তাদের বর্তমান নীতি পরিবর্তনের জোরালো আহ্বান জানান। মূলত বৈশ্বিক অস্থিরতা নিরসনে পরাশক্তিগুলোর ভূমিকার কড়া সমালোচনা করেন এই লাতিন আমেরিকান নেতা।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









