দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু

ঢাকা, ১৮ এপ্রিল – দেশের ছয়টি জেলায় একদিনে বজ্রপাতে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পৃথক এসব বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ ও রংপুরে দুইজন করে এবং নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে একজন করে নিহত হয়েছেন।সুনামগঞ্জে শনিবার দুপুরে বিভিন্ন হাওরে ধান কাটার সময় এই বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন জামালগঞ্জের নুরুজ্জামান, ধর্মপাশার হাবিবুর রহমান ও রহমত উল্লাহ, দিরাইয়ের লিটন মিয়া এবং তাহিরপুরের আবুল কালাম।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান জানিয়েছেন, হাওরে কাজ করার সময় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁওয়ে পৃথকভাবে বজ্রপাতে নিহত হন রহমত আলী উজ্জ্বল ও মমতাজ আলী খান। গৌরীপুরে ধান ক্ষেত দেখতে গিয়ে রহমত আলী এবং গফরগাঁওয়ে জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মমতাজ আলী প্রাণ হারান।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে মিলন মিয়া ও আবু তালেব নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণার আটপাড়ায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আলতু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে ধান কাটার সময় হেলাল মিয়া এবং হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে কাজ করার সময় সুনাম উদ্দিন নামে এক কৃষক বজ্রপাতে প্রাণ হারান।
সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬









