গাজীপুর

নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই ট্রাক ফুটপাতে, দুই নারী নিহত

গাজীপুর, ১৪ ফেব্রুয়ারি – গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই একটি ট্রাক ফুটপাতে উঠে গিয়ে দুই নারী শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার (৩২) এবং টাঙ্গাইল সদরের নরসিনপুর এলাকার আব্দুল্লাহর স্ত্রী জোবেদা বেগম (৩০)। তারা দুইজনেই স্থানীয় মাহমুদ জিন্স কারখানার শ্রমিক।

আরও পড়ুন : ধ্বংসস্তুপে মিললো আরো দুই লাশ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈরের হরতকিতলা এলাকার মাহমুদ জিন্স কারখানার শ্রমিক আয়েশা ও জোবেদা শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কারখানা ছুটি শেষে বাসায় ফেরার জন্য বের হন। এসময় গাজীপুরগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফটুপাতের উপর উঠে যায়। এসময় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

কোনাবাড়ী সালানা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইনারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language