চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্বাভাবিক কার্যক্রম

চট্টগ্রাম বন্দর, ৯ ফেব্রুয়ারি – নির্বাচন ও আসন্ন রমজান মাসকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এই ঘোষণার পর সোমবার সকাল ৮টা থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ধর্মঘট স্থগিত হওয়ায় জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কার্যক্রম পুরোদমে চালু হয়েছে।

সকাল থেকেই এসব টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো নামানোর কাজ চলছে। জেটি, ইয়ার্ড ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও পরিচালন কাজ শুরু হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে। রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর ঘোষণা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটির চুক্তি হবে না বলে জানানো হয়েছে। এই আশ্বাসের প্রেক্ষিতেই দেশের স্বার্থে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আন্দোলনকারীরা জানিয়েছেন যে বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন কর্তৃক কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা, শাস্তিমূলক বদলি এবং ১৬ জন কর্মচারীকে সাময়িক বরখাস্তের মতো পদক্ষেপগুলোর সুরাহা না হলে ভবিষ্যতে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির জানান, বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া আপাতত বন্ধ থাকাকে তারা প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন। টানা কর্মবিরতির পর দেশের প্রধান এই সমুদ্র বন্দর সচল হওয়ায় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language