গাজায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়াতে পারে বলে সতর্ক করল জেনেভা অ্যাকাডেমি

জেরুজালেম, ৭ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার বিষয়ক জেনেভা অ্যাকাডেমির প্রধান স্টুয়ার্ট কেসি ম্যাসলেন সতর্ক করে বলেছেন, গাজায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে।
তার মতে, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত গাজার জনসংখ্যা ১০ শতাংশের বেশি কমে যাওয়ার যে তথ্য পাওয়া যাচ্ছে, সেটি এমনই ইঙ্গিত দিচ্ছে, যার মানে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু।
আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাসলেন বলেন, জেনেভা অ্যাকাডেমির ‘ওয়ার ওয়াচ’ শীর্ষক প্রতিবেদনে গাজাসহ গত ১৮ মাসে সংঘটিত ২৩টি সশস্ত্র সংঘাতের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। তিনি গাজার পরিস্থিতিকে নাটকীয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, গত বছরের মতো এখন ভারী সামরিক সংঘর্ষ নেই, যা অবশ্যই স্বস্তির বিষয়। তবে এর মানে এই নয় যে গাজার মানুষের দুর্ভোগ শেষ হয়ে গেছে। গাজার পুরো জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে তারা এখনও গভীরভাবে উদ্বিগ্ন।
বিশেষ করে আহতদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ম্যাসলেন বলেন, যাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যথাযথ চিকিৎসা দেওয়া প্রয়োজন, তারা সেই চিকিৎসা পাচ্ছেন না।
তিনি জোর দিয়ে বলেন, মানুষ এখনও গাজায় গিয়ে মারা যাচ্ছে। গাজার জনগণের জন্য আরও অনেক বেশি মানবিক সহায়তা প্রয়োজন। খাদ্য ও পানির পাশাপাশি আশ্রয়, শীতের কঠোর আবহাওয়া থেকে সুরক্ষা এবং চিকিৎসাসেবাও জরুরি বলে তিনি জানান।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









