ইশতেহারে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রতিশ্রুতি বিএনপির

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।
দলটির ইশতেহারে ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দশ বছর নির্ধারণ এবং উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহারের বিস্তারিত তুলে ধরেন। ঘোষিত ইশতেহার অনুযায়ী সংসদে উচ্চকক্ষ প্রবর্তন করা হবে এবং সেখানে ২০ শতাংশ নারী সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এছাড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনের বিধান চালুর কথাও বলা হয়েছে।
রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পুনঃস্থাপন করার অঙ্গীকার করেছে দলটি। জুলাই সনদ বাস্তবায়ন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক চুক্তিতে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিও ইশতেহারে প্রাধান্য পেয়েছে। বিএনপি জানিয়েছে তারা প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে ভবিষ্যৎমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়। জাতি গঠনের লক্ষ্যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন এবং সব ধর্মের ও মতের মানুষের সমন্বয়ে জাতীয় ঐক্য ও অখণ্ড সত্ত্বা নির্মাণের প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়েছে এই ইশতেহারে।
এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









