ভোট দিলে জামায়াত কর্মীদের রগ কাটার ঘোষণা কৃষক দল নেতার

পাবনা, ৪ ফেব্রুয়ারি – পাবনার ঈশ্বরদীতে ভোট কেন্দ্রে জামায়াতের কেউ এলে এবং ভোট দিলে দিনের বেলাতেই তাদের রগ কাটার ঘোষণা দিয়েছেন সাহাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
গত শনিবার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী জনসভায় তিনি এই বিতর্কিত বক্তব্য দেন। ভাইরাল হওয়া ভিডিওতে মক্কেল মৃধাকে বলতে শোনা যায় যে জামায়াতকে যারা ভোট দেবে তাদের রাতের অন্ধকারে নয় বরং তিনি দিনের বেলাতেই রগ কাটবেন। তিনি আরও বলেন যে আওয়ামী লীগ ও বিএনপি ভাই ভাই তাই তিনি ধানের শীষে ভোট চান।
এর আগেও তিনি পাবনা ৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলার ঘটনায় আলোচনায় এসেছিলেন এবং ওই মামলার প্রধান আসামি তিনি। গত ২৭ নভেম্বর নির্বাচনী প্রচারণা চালানোর সময় জামায়াত প্রার্থীর ওপর হামলার ঘটনায় মোটরসাইকেল লুট করা হয় যা পরে মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল।
৫ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে পাবনা ৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন যে তারা ভিডিওটি পেয়েছেন এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









