জুলাই–আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন পেলেন নিষিদ্ধ আ. লীগ নেতা

ঢাকা, ১১ জানুয়ারি – জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো এক আসামিকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্ত ব্যক্তি হুমায়ুন কবির পাটোয়ারী—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শর্তসাপেক্ষে এ জামিন আদেশ দেন।
জামিন আবেদনে আসামিপক্ষ জানায়, হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত। তার আইনজীবী বলেন, ‘এই রোগে আমার মক্কেলের দুই ভাই মারা গেছেন।’ এ বিষয়ে প্রসিকিউশনের মতামত জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, গুরুতর অসুস্থতার হাসপাতালের প্রতিবেদন জমা দেওয়ায় জামিনের বিরোধিতা করা যাচ্ছে না। তবে তিনি শর্ত আরোপের আবেদন জানান, যাতে আসামি অন্য আসামিদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল কয়েকটি শর্তে জামিন মঞ্জুর করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে— নির্দিষ্ট বাসার ঠিকানা প্রদান, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে না জানিয়ে বাসা পরিবর্তন না করা, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য না দেওয়া, মামলার সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত না করা
শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় অন্য মামলায় তাকে ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
এই মামলার অপর আসামিরা হলেন— লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬









